বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দেড় মাসে ৫ শিশু মারা গেছে
স্টাফ রিপোর্টার : বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিশু বিভাগে তিনমাস বয়সী জেরিন নামে ওই শিশুটি মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ওই শিশুকে ডায়রিয়া, ব্রঙ্কোনিউমেনিয়া, জ্বর ও শরীরে লালচে র্যাশসহ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গত শনিবার ২৫ এপ্রিল ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে সে মারা যায়। এর আগে গত শনিবার সকালে ওই হাসপাতালে মেহেরিমা জান্নাত নামে পাঁচ মাস বয়সী একইদিন দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাইয়ান নামে দশ মাস বয়সী দুই শিশু মারা গেছে। এই নিয়ে বগুড়ায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলো।
এর আগে ৩০ মার্চ রাত তিনটায় হোমায়রা নামে শেরপুর উপজেলার দশ মাস বয়সী এক শিশু মারা গেছে। অপরদিকে একই উপজেলার রাশমিকা নামে ৮ মাস বয়সী আরেক শিশু ৩১ মার্চ রাত পৌনে ২টায় মারা যায়। দুটি শিশুই হামের উপসর্গ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলো। তবে ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত মাত্র একটি শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন জেরিন নামে যে শিশুটি মারা গেছে হামের উপসর্গসহ ডায়রিয়া, ব্রঙ্কোনিউমেনিয়া ও হার্টের অসুখসহ ওই শিশুটিকে ভর্তি করা হয়েছিলো। মৃত শিশুদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে এগুলোকে হামে মৃত্যু হিসেবে গণ্য করা যাচ্ছে না। বর্তমানে শজিমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু ভর্তি আছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166801