বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের শিক্ষক প্রশিক্ষণ, এক্সচেঞ্জ প্রোগ্রামসহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার সচিবালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।
বৈঠকে উচ্চশিক্ষা, প্রযুক্তি এবং শিক্ষক প্রশিক্ষণে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি, বিবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাদার বিষয়ে উচ্চশিক্ষার বৃত্তি প্রদান করছে পাকিস্তান সরকার।
এ ছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ও সিভিল সার্ভিস প্রশিক্ষণের মতো চলমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরো বিস্তৃত করতে সহযোগিতার অব্যহত রাখার বিষয়েও এ বৈঠকে আলোচনা হয়।