বগুড়ার সোনাতলায় ৮৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে, কৃষকের মাথায় হাত

বগুড়ার সোনাতলায় ৮৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে, কৃষকের মাথায় হাত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় অবিরাম বর্ষনে নিম্নাঞ্চলের প্রায় ৮৫ হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ওই উপজেলার কৃষকের মাথায় হাত পড়েছে। আবার কিছু কিছু এলাকায় ৩ গুন মজুরী দিয়ে শ্রমিক সংগ্রহ করে পানির মধ্যে থেকে ধান কাটতে দেখা গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ১০০ হেক্টর জমির ফসল অতিবর্ষনে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে বোরো ধান ৮৫ হেক্টর, পাট ১২ হেক্টর ও শাক-সবজি ৩ হেক্টর।

যমুনা ও বাঙালি নদীবেষ্টিত উপজেলা হচ্ছে সোনাতলা। জেলা সদর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তরে ওই উপজেলার অবস্থান। এ উপজেলার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। বছরের প্রায় ৩ থেকে ৬ মাস ওই উপজেলার নদীকূলীয় এলাকার লোকজনদেরকে প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। ধান ফসল তাদের মূল অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তি।

গতকাল সোমবার সরেজমিনে উপজেলার তেকানীচুকাইনগর, খাবুলিয়া, জন্তিয়ারপাড়া, সরলিয়া, মহব্বতেরপাড়া, ভিকনেরপাড়া, খাটিয়ামারি, চরমধুপুর, উত্তর করমজা, হরিখালী, সর্জনপাড়া, শিচারপাড়া, নিমেরপাড়া, শ্যামপুর, নিশ্চন্তপুর, হুয়াকুয়া, লোহাগাড়া এলাকায় গিয়ে কৃষকদেরকে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে দেখা গেছে।

ওই উপজেলার খাবুলিয়া চরের বাসিন্দা তুহিন মিয়া বলেন, অবিরাম বর্ষনে তার ৫ বিঘা জমির ধান তলিয়ে গেছে। সর্জনপাড়া বেড়েরঘাট এলাকার কৃষক মোতাহার হোসেন বাবলু, আনারুল ইসলাম, হিটলু, শিবলু মিয়া বলেন, তাদের এলাকায় শত শত বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যা ৩ গুন মজুরী দিয়ে শ্রমিক লাগিয়ে কাটতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, চলতি বছরের বর্ষনে সংশ্লিষ্ট উপজেলায় ১০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া জমির ফসল দ্রুত কাটতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। দ্রুত পানির মধ্য থেকে ধান কেটে নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166760