ঈদে আসছে দিঠি-অপুর’ দ্বৈত গান ‘মেঘলা আকাশ’

ঈদে আসছে দিঠি-অপুর’ দ্বৈত গান ‘মেঘলা আকাশ’

অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় শেষ যে গানটি রেকর্ড হতে দেখেছেন সেই গানটি হলো তারই নিজের লেখা ‘মেঘলা আকাশ’ শিরোনামের গানটি। এই গানটির সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় মেধাবী সঙ্গীতশিল্পী, সুরকার অপু আমান। দিঠি ও অপু এই গানটি গেয়েছেন।

এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে বলে জানালেন দিঠি। আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

দিঠি বলেন,‘ আব্বু তার জীবদ্দশায় এই গানটি রেকর্ড হতে দেখেছেন। যে কারণে এই গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। যেহেতু আব্বু অপুকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি নিজেই অপুকে ডেকে কয়েকটি গান দিয়েছিলেন সুর করার জন্য, তারমধ্যে অন্যতম হলো মেঘলা আকাশ। অপু এতো চমৎকার সুর করেছে যে গানটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। আর আব্বুর গানের কথা কেমন তা এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকেরা বেশ ভালো করেই জানেন। অপুরও সৌভাগ্য যে এই মেঘলা আকাশ-গানটি গাইতে পারার সুযোগ পেলো। সত্যি বলতে কী এই প্রজন্মে যারা গান গায় তাদের মধ্যে অপু আমার খুউব প্রিয় একজন শিল্পী। তার কম্পোজিশনও এক কথায় অসাধারন। আমি অপুকেই মিউজিক ভিডিও করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সে তার প্রোডাকশন হাউজ থেকেই এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আমি খুউব আশাবাদী। তবে এই গানটিকে ঘিরে আব্বার অনেক পরিকল্পনা ছিলো। কারণ আব্বু যে বছর মারা যান সে বছরের ২৪ সেপ্টেম্বর আব্বু আম্মুর ৫০তম বিবাহ বার্ষিকীতে আব্বু-আম্মুরই গানটি গাওয়ার কথা ছিলো।’

অপু আমান বলেন,‘ আমার সঙ্গীত জীবনে এটাই পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় গাজী চাচার লেখা গানের সুর সঙ্গীত করতে পেরেছি। তিনি আমাকে নিজে ডেকে গানের সুর করতে বলেছিলেন। তারই প্রয়াণের দুদিন আগেও তারই সামনে বসে গানের সুর করার সুযোগ হয়েছিলো আমার। এমন সৌভাগ্য সত্যিই কজনেরই বা হয়। মেঘলা আকাশ-গানটির বাণীর সঙ্গে সমন্বয় করেই গানটির সুর করার শতভাগ চেষ্টা করেছি। আমি খুউব আশাবাদী গানটি নিয়ে। দূর আকাশে চাচার কাছে এই গানের সুর পৌঁছে যাবে বলেই আমার বিশ্বাস।’ 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166745