বগুড়ায় রনি হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় রনি হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের চকলোকমান দক্ষিণপাড়ার রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬) হত্যা মামলার হাজতি আসামি মো. মারফির (২০) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি মারফি শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার শহিদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া শহরের চকলোকমান দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ আলম ও রওশন আরা বেওয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে রনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। বিগত ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ৮টার দিকে রনি তার বন্ধু নজরুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বেজোড়া হিন্দুপাড়ায় একটি জমি বায়না দেওয়ার জন্য যাওয়ার পথে বেজোড়া হিন্দুপাড়ার বটতলা এলাকায় পূর্বশক্রতার জের ধরে আসামিরা পথরোধ করে তাকে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

এসময় নজরুল তাকে রক্ষা করতে গেলে আসামিরা মারপিট করে তাকেও আহত করে। আহত রনিক প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পরে ২৫ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে নিহত রনির মা রওশন আরা বেওয়া বাদি হয়ে ১০ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জন উল্লেখ করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. শফিকুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166741