আশুলিয়ায় সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

আশুলিয়ায় সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক
সাভারের আশুলিয়ায় এক সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।
 
আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
বাড়ির  মালিক সালাম মেম্বার বলেন,  রাতের আনুমানিক তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত আমার বাড়িতে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে  টাকা পয়সা স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, আমাদের মত মানুষের বাড়ি-ঘরে যদি এরকম ডাকাতি হয়। তাহলে সাধারণ মানুষের কি দুর্দশা, এদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন।
ভুক্তভোগী সালাম মেম্বারের ছেলে জানান, গতরাতে ডাকাতরা আমাদের জিম্মি করে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
 
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশ জানায় ডাকাতি হওয়া মালামালের পরিমান জানতে ও তা উদ্ধার সহ  সন্ত্রাসীদের আটক করতে বিশেষ টিম গঠন করেছে।
 
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গত রাত আনুমানিক আড়াইটার দিকে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা সকাল চারটার দিকে খবর পাই । খবর পেয়ে ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে যায় পরবর্তীতে আমি সহ এডিশনাল এসপি সাভার সার্কেল মহোদয় এবং এডিশনাল এসপি ক্রাইম স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পুলিশ কাজ করছে। আমরা ঘটনাটি উদঘাটনের জন্য কাজ করছি। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীরা এখনো অভিযোগ দেয়নি তবে অভিযোগ দেয়া সাপেক্ষে মামলার রুজু করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166738