বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক জাতীয় মহাসড়ক রুপান্তর

বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক জাতীয় মহাসড়ক রুপান্তর

স্টাফ রিপোর্টার: সড়ক ও জনপথ বিভাগের বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কসহ সওজ অধিদপ্তরের দুটি আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়ক শ্রেণিতে রুপান্তর করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতাধীন ৯টি সড়ক ও চাঁদপুর পৌরৈসভার আওতাধীন ১টি সড়ক সওজ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে গত ২১ এপ্রিল পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগ সড়ক পরিবহন উইং এর এক প্রজ্ঞাপনে এটি জানান হয়েছে। ওই প্রজ্ঞাপনে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫)আঞ্চলিক মহাসড়কের অবশিষ্টংশ নতুনভাবে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের ২০০৩ সালের ১২ মে এবং ১৪ মে, এর প্রজ্ঞাপন অনুযায়ী সরকার কর্তৃক বর্ণিত সড়কের সংজ্ঞা ও শ্রেণিবিন্যাসের আলোকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) কর্তৃক দাবিকৃত সড়কসমূহের মালিকানা ও দায়-দায়িত্ব নির্ধারণকরতঃ বিদ্যমান বিরোধ বা মতপার্থক্যের নিষ্পত্তি, সড়কের শ্রেণি-মান উন্নয়নের প্রস্তাব বিবেচনা, এক সংস্থার দায়িত্বাধীন সড়কের অন্য সংস্থার হস্তক্ষেপ অথবা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আনীত অভিযোগ বিবেচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির সভা গত ১ ফ্রেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত হয়।

এই প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়ার ৪ মাথা থেকে নওগাঁ-রাজশাহী সড়কের ১২২ কিলোমিটার এর আওতায় আসলো। সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক জানান, সড়ক ও জনপথ বিভাগের আওতায় জেলা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জাতীয় মহাসড়ক থাকে। জেলা মহাসড়ক থেকে ধাপে ধাপে আঞ্চলিক এবং আঞ্চলিক মহাসড়ক থেকে জাতীয় মহাসড়কে উন্নীত করলে ৪ লেন করা সহজ হয়।

তত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক জানান. জাতীয় মহাসড়কে উন্নীত করার ফলে এই সড়কটি ৪ লেনে উন্নীত করা সহ সড়ক নিরাপত্তাজনিত কাজ করার সুযোগ থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166643