পারিবারিক কলহে শাশুড়িকে ফোন দিয়ে হুমকির পর স্ত্রীকে হত্যা

পারিবারিক কলহে শাশুড়িকে ফোন দিয়ে হুমকির পর স্ত্রীকে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে ফোন দিয়ে হুমকির পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার করেছে স্বামী।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত নারী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে জান্নাত বেগম (২০)। তিনি ওই গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী। 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, চার বছর আগে পারিবারিকভাবে জুনায়েদের সঙ্গে জান্নাতের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটা পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জুনায়েদ তার শাশুড়িকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের পিতা শুকুর আলী বলেন, খবর পেয়ে আমার মেয়ের বাড়িতে যাই। গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। গলায় আঘাতের চিহ্ন। আমার মেয়েকে মাঝে মধ্যেই নির্মম নির্যাতন করা হতো।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী জুনায়েদকে আটক করে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166628