জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন।
 
আজ রোববার (২৬ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে।
 
মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাসমত আলী ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী মর্জিনা।
 
পুলিশ জানায়, কড়ইচড়া গ্রামে বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাতহলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময় বৃষ্টির মধ্যে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে আহত হন একই গ্রামের হারুনের স্ত্রী শেফালী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু এবং অপর এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর দিকে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর ভাটিপাড়া এলাকায় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হাসমত আলী ও তার ভাই (চাচাতো) আনোয়ার হোসেন। বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে হাসমত আলীর মৃত্যু হয়। আর আহত হন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়।
 
জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, বজ্রপাতে হাসমত আলী নামে একজনের মৃত্যু হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166626