টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো করল ম্যানচেস্টার সিটি। এফ এ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল।
ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে সিটিজেনরা। মৌসুমের শুরুতে ছন্দ খুঁজে না পাওয়া দলটি এখন একেবারেই ভিন্ন চেহারায়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে পেপ গার্দিওলার শিষ্যরা। লিগ কাপ জয়ের পর এফএ কাপের ফাইনালে ওঠায় ঘরোয়া ট্রেবল জয়ের বাস্তব সম্ভাবনা এখন তাদের সামনে।
তবে ওয়েম্বলির এই লড়াই মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে দু’দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়। ম্যাচের জমে ওঠা লড়াইয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় সাউদাম্পটন। ৭৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে লিড এনে দেন ফিন এজাজ । সেই গোল মুহূর্তেই অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে সাউদাম্পটনের সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টিকতে দেয়নি ম্যানচেস্টার সিটি। গোল হজমের মাত্র তিন মিনিটের মাথায় সমতায় ফেরে তারা। উইঙ্গার জেরমি ডকোর নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন নিকো গঞ্জালেস। প্রায় ২০ গজ দূর থেকে নেয়া তার শক্তিশালী শট সাউদাম্পটনের জালে ঢুকে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
এর আগে অবশ্য গুরুত্বপূর্ণ এক মুহূর্তে দলকে রক্ষা করেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। তার অসাধারণ সেভ না থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের ফুটবলে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা। সাতবারের এফএ কাপ চ্যাম্পিয়ন সিটি শেষবার শিরোপা জিতেছিল ২০২৩ সালে। এবারও সেই ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছে তারা। আগামী ১৬ মে ওয়েম্বলিতেই অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে চেলসি ও লিডসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে।
লিগ কাপ ইতোমধ্যেই জিতে নেয়া সিটির সামনে এখন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ দুটি শিরোপার সম্ভাবনা। ফলে মৌসুমের শুরুতে ছন্দহীনতা কাটিয়ে এখন ঘরোয়া ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গার্দিওলার দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166560