ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর
রংপুর প্রতিনিধি: প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, ভালোবাসা আর সেই ভালোবাসার টানেই হাজার মাইল দূরের দেশ ছেড়ে বাংলাদেশে এসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন প্রিয় মানুষটিকে। ভিনদেশি প্রেমিককে একনজর দেখতে কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষজন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ঘটনাটি ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই। আনিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল চীন থেকে বাংলাদেশে এসে সরাসরি আনিকার গ্রামের বাড়িতে পৌঁছান মা লিয়াংহুই।
পরিবারের সদস্যদের সাথে পরিচয়, পারিবারিক সম্মতি এবং স্থানীয়দের উপস্থিতিতে গত শুক্রবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে মা লিয়াংহুই শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। ফলে চীনা জামাইকে ঘিরে কৌতূহল আর উৎসাহ যেন থামছেই না। ব্যতিক্রমী এই প্রেম ও বিয়ের গল্প পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166534