চাঁপাইনবাবগঞ্জের ভুয়া কার্ডে চাল বিতরণ মামলায় গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের ভুয়া কার্ডে চাল বিতরণ মামলায় গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ডের আদলে ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে ৩ থেকে ১৫ হাজার পর্যন্ত নিয়ে চাল বিতরণের অভিযোগে দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জেসমিন বেগম (৪৫) শিবগঞ্জের বামুনগাঁও জাবড়ি কাজিপাড়া গ্রামের জাহির আলীর স্ত্রী ও মাসকুরা ট্রেডার্স নামে চাল বিতরণকারী প্রতিষ্ঠানের মালিক। একইসাথে গ্রেফতার হয়েছেন তার সহযোগী একই এলাকার কামরুল হাসান সুজন(৪০) নামে আরও এক ব্যাক্তি।

পুলিশ জানায়, আতাউর রহমান মাসকুরা ট্রেডার্সের কার্যক্রমের ব্যাপারে জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান। তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবার পর জেসমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার রাতে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার শল্লা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই প্লাবণ কুমার সাহা বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গতকাল শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166531