ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তার তথ্যটি ভুয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তার তথ্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে একটি ‘উচ্চ সতর্কতা’ বার্তা ছড়িয়ে পড়েছে। এতে বলা হয়, ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেউ যেন বাইরে না যান। দাবি করা হয়, এ সময় তাপমাত্রা ৫৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কখনোই ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়নি এবং বাস্তব পরিস্থিতিতে এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও নেই। এছাড়া ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর’ নামে বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। ফলে ওই নামে প্রচারিত সতর্কবার্তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম এই বার্তাকে ‘সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও ক্ষতিকর’ বলে উল্লেখ করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, এ ধরনের গুজব মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ওই সময় দেশে তাপমাত্রা সাধারণত ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি ২৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা কিছুটা কমতেও পারে।

ভুয়া সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতিরিক্ত গরমে মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে কিংবা সাপ-বিছা বেরিয়ে আসবে—যা বিশেষজ্ঞদের মতে অতিরঞ্জিত এবং বৈজ্ঞানিক ভিত্তিহীন।

আবহাওয়া অধিদফতর এ ধরনের ভুয়া তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166517