মেসির লিগে যোগ দিলেন গ্রিজম্যান

মেসির লিগে যোগ দিলেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : মার্কিন ফুটবল লিগের দল ফ্লোরিডাভিত্তিক ক্লাব অরল্যান্ডো সিটিতে তার যোগ দেওয়া ইতোমধ্যেই বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে এই চুক্তির পেছনে জনপ্রিয় ‘মেসি বনাম গ্রিজম্যান’ প্রতিদ্বন্দ্বিতার গল্প নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলই মূল চালিকাশক্তি; এমনটাই জানিয়েছেন এমএলএস প্রতিযোগিতা বিভাগের পরিচালক আলফোনসো মন্ডেলো।

মন্ডেলোর ভাষায়, গ্রিজম্যান মার্চেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কোপা ও চ্যাম্পিয়নস লিগ শেষ করতে সময় চাওয়ায় তার আগমন পিছিয়ে গ্রীষ্মে নেওয়া হয়। তিনি স্পষ্ট করেছেন, এই চুক্তির সঙ্গে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে কোনো ‘ডার্বি’ তৈরি করার উদ্দেশ্য নেই; বরং অনেকদিন ধরেই অরল্যান্ডো গ্রিজম্যানকে দলে টানতে চেয়েছিল এবং দুই পক্ষই এতে সন্তুষ্ট।
এমএলএস এখন নিজেকে বিশ্বমঞ্চে আরও বড় করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতি ম্যাচে গড়ে প্রায় ২২,০০০ দর্শক উপস্থিতি, প্রায় ৫০ জন খেলোয়াড়ের সম্ভাব্য বিশ্বকাপ অংশগ্রহণ এবং ২০২৭ সাল থেকে ইউরোপীয় ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌসুম চালুর পরিকল্পনা; সব মিলিয়ে লিগটি দ্রুত এগোচ্ছে নতুন উচ্চতায়। উল্লেখ্য, ২০২৭-২৮ মৌসুম জুলাই থেকে জুন পর্যন্ত চলবে। মেসি-পরবর্তী যুগের প্রস্তুতি নিয়েও ভাবছে লিগ কর্তৃপক্ষ। মন্ডেলোর মতে, মেসির মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন হলেও এই লিগ অতীতে ইয়োহান ক্রুইফ ও পেলের মতো কিংবদন্তিদের যুগ পার করেছে, তাই নতুন তারকাও উঠে আসবে। এমন বিশ্বাস তাদের রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপার ও এমএলএস কিংবদন্তি মার্সেলো বালবোয়া জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ভবিষ্যতের দুই সুপারস্টার লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে লিগে আনতে চাইতেন। তার মতে, এই দুই তারকারই ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করার। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166434