গাজায় জুমার নামাজে আসা ১২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় জুমার নামাজে আসা ১২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের তাণ্ডব চলছেই। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার দিনে গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন। প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে একটি পুলিশ গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। গাজা সিটিতে আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

এ অবস্থায় বেসামরিক এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত স্থানীয় পুলিশ বাহিনীর ওপর ইসরাইলি হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৯৮৪ জন নিহত এবং আরও ২ হাজার ২৩৫ জন আহত হয়েছেন।
 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166432