নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৭

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৭

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা লেগে জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় ভটভটিতে থাকা অন্তত আরো সাতজন আহত হন। আহতদের মধ্যে দুইজন রাণীনগর হাসপাতালে এবং বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায়। নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী এবং আহতরা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাদ দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান, এদিন সকালে গৃহনির্মাণ শ্রমিকরা ভটভটিযোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে কুনৌজ বাজারের অদূরে পৌঁছলে হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে জামিনা বেগম মারা যান।

রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস ফিরোজ হোসেন জানান, ভটভটি উল্টে আহত মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে জামিনা বেগমসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে জামিনা মারা যান। আহতদের মধ্যে রয়েছেন-হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২), একই গ্রামের তারেক রহমান (২৮), জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০), আব্দুল লতিফ (২৮), পলাশ হোসেন (৩০) ও স্বজল হোসেন (৩০)। এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166423