বগুড়ায় প্রক্সি পরীক্ষা দিতে এসে কলেজছাত্রী আটক, পরে মুক্তি
স্টাফ রিপোর্টার: বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলা দলের এক নেত্রীর হয়ে প্রক্সি দিতে এসে ঈশিতা আক্তার তিশা নামের এক কলেজছাত্রী আটক হন। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়। পরে একই দিন রাত ১০ টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ঈশিতা আক্তার তিশা (১৮) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূএ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয় জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে। পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের নেত্রী নিপা খাতুন। কিন্তু তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেন কলেজছাত্রী ঈশিতা আক্তার তিশা। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ।
জিজ্ঞাসাবাদ কালে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে। তবে রাতেই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন এ ব্যাপারে থানায় কেউ মামলা করেনি। মামলা না থাকায় রাত দশটার দিকে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় থানায় তার মা-বাবাও উপস্থিত ছিলেন।
ওসি আরো বলেন,এর আগে বেলা দুইটার দিকে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি বলেন নিপা খাতুন তার খালা হন। সেই সম্পর্কের সূত্র ধরেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে এ ব্যাপারে নিপা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166399