সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এ ছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
 
যোগদান শেষে ইসহাক সরকার তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী যদি আবারও ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা রাজপথে নেমে আসব। এনসিপির মাধ্যমেই মানুষ নিরাপদ থাকবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘জনগণ পরিবর্তন চায়। মানুষ যে পরিবর্তনের পক্ষে, তা বিভিন্নভাবে প্রমাণিত। জনগণের অধিকার যদি ভূলুণ্ঠিত করতে চান, তবে আমরা আবারও রাজপথে নামব।’

নাহিদ ইসলাম দাবি করেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নবযোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166335