ঢাবির ১০ সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

ঢাবির ১০ সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

ঢাবি প্রতিনিধি : শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)।

বৃহস্পতিবার  (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, (২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ছাত্রদল কর্তৃক হামলার স্বীকার হন সাংবাদিকরা।

জানা যায়, গত দুই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত ১৬ জন সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এসব হামলায় জড়িত রয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জানায়, হামলাকারীদের চিহ্নিত করে তাদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। শুক্রবার শাহবাগ থানায় ওই তালিকা প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই দিন রাতেই মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এছাড়া, হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দাখিল করবে ঢাবিসাস। অভিযোগে হামলাকারীদের দ্রুত বহিষ্কারের দাবি জানানো হবে। ঢাবি সাংবাদিক সমিতি বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে।

এ বিষয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলেও উল্লেখ করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166293