নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল জুস, জুস তৈরির সরঞ্জাম ও নানা ধরণের কেমিক্যাল জব্দসহ কারখানার মালিকের স্ত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৮বস্তা নকল জুস প্রকাশ্যে ধ্বংস করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিশপুর মধ্যপাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর মধ্যপাড়া গ্রামের মৃত তুমির উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন বেশ কিছুদিন তার বসত বাড়িতে নকল জুস তৈরি করে বিভিন্ন নামি দামি কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে নকল জুস জব্দসহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ময়েন উদ্দিনের স্ত্রী লাইলী খাতুনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
তবে এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক কৌশলে পালিয়ে যান। সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, দীর্ঘদিন হরিশপুর গ্রামের ময়েন উদ্দীন ও তার স্ত্রী লায়লা খাতুন(৪০) নিজ বসত বাড়িতে সরকারি অনুমোদন ছাড়াই জুসের নকল কারখানা গড়ে তোলেন।
ক্ষতিকর কাপড়ের রং, স্যাকারিন ও কেমিক্যাল ব্যবহার করে জুস, চাটনি ও ললিপপসহ বিভিন্ন ধরণের শিশু খাদ্য তৈরি করেন। এরপর চোখ জুড়ানো ঝকমকে প্যাকেটজাত করে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166162