গাইবান্ধার সাদুল্লাপুরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অর্ধ কাটা ড্রামে ৫০ লিটার ডিজেলে ডুবে শিশু আরাফ মিয়ার(৩) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক।
এ গাড়িটির জন্য অর্ধ কাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। গত মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল আশিকুর রহমান বাবুর ছেলে শিশু আরাফ প্রামাণিক। এরই মধ্যে বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার পরিবারের একটি ট্রাক রয়েছে, যার ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যায়। ট্যাংকি মেরামতের জন্য ট্যাংকিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই কাটা ড্রামে রাখা ডিজেলে শিশু আরাফ খেলতে খেলতে পড়ে যায় ও তেল খেয়ে ফেলে। দ্রুতগতিতে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শিশু আরাফ মারা যায়।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ওই স্থানে ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুবই বেদনাদায়ক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166157