বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মজুত করা ২৫০ লিটার পেট্রোল উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ২৫০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেট্রোল বিক্রির দায়ে মাসুদ স্টোর এর মালিক মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সে রানা নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মোজাহার আলীর ছেলে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম পৌর এলাকার নাম্ইুট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নামুইট বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশ দামে বিক্রির করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাসুদ স্টোরের মালিকের বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ২৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মাসুদ স্টোরের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশী দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে ট্যাগ অফিসারের মাধ্যমে বিক্রি করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166155