বগুড়ার তালোড়ায় বয়লার বিস্ফোরণে আহত তাহসিনের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরঞ্জাবাড়ি এলাকায় বয়লার বিস্ফোরনে আহত তাহসিন (২৬) গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভা এলাকায় সরঞ্জাবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাক আলীর চাতালে প্রায় ৩ বছর যাবৎ একই গ্রামের বকুল মিয়ার ছেলে তাহসিন (২৬), আবুল হোসেনের ছেলে বেলাল (৪০) ও নাছির উদ্দিনের ছেলে পান্না (৩৮) শ্রমিকের কাজ করতেন।
গত ১৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৩ টায় তাহসিন, বেলাল ও পান্না চাতালে ধান সিদ্ধ করাকালে বয়লারে তুষ ছিটানোর সময় চাতালের বয়লার বিস্ফোরণ হয়। এতে তাহসিন, বেলাল ও পান্না আহত হয়। তাদেরকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তাহসিনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় তিনি মারা যান। এছাড়া আহত বেলাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও পান্না প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166115