তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সন্তান জন্মের মাত্র তিনদিন পরই নিজের স্বপ্নপূরণের প্রবল ইচ্ছায় পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন হাওয়া আক্তার নামে এক এসএসসি পরিক্ষার্থী। মাতৃত্ব আর পড়াশোনা দু’টি দায়িত্ব একসাথে সামলে পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন ছাত্রী মাত্র তিনদিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছেন।
জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তার। তার সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অপারেশনের পর তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজবীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি।
এদিকে নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য পরীক্ষাকেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165998