সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মঈন উদ্দীন খান জানান, বিএনপি জোট থেকে ৩৬টি ও জামায়াত জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা হয়েছে। এছাড়া স্বতন্ত্র মোর্চা থেকে একটি মনোনয়নপত্র, যার প্রার্থী সুলতানা জেসমিন, এবং আরও তিনজন ব্যক্তিগতভাবে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন—শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান।
তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল হবে। ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে। বাছাইয়ের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে। কমিশন ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করবে।
মঈন উদ্দীন খান আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মনোনয়নপত্রের যোগ্যতা-অযোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকবে। বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন লাভ করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165991