বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের টিকিটমূল্য ঘোষণা

বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের টিকিটমূল্য ঘোষণা

বাংলাদেশ–নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিসিবি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মতিউর রহমান স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ২৫০০ টাকায় যে চারটি জায়গা থেকে দর্শক খেলা উপভোগ করতে পারবেন সেগুলো হলো- পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড এবং পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৬ রানে জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সোমবার (২০ এপ্রিল) একই মাঠে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে।  প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।  তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ১২০ রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। 

এই ম্যাচে নিউজিল্যান্ডকে দুইশর আগেই আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি কিউই ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন।

ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165988