রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র
রংপুর প্রতিনিধি: রংপুরে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। ডিম ও কিছু সবজির দাম বাড়লেও মুরগির বাজারে স্বস্তি ফিরেছে। অপরদিকে চাল-ডালসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন হয়নি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নগরীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম আবারও ঊর্ধ্বমূখী। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় ডিমের দামে এই বৃদ্ধি।
অন্যদিকে, মুরগির বাজারে উল্টো চিত্র। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। সোনালি, হাইব্রিড ও লেয়ার জাতের মুরগির দামও কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। খামারিদের ভাষ্য, গরমের কারণে দ্রুত মুরগি বিক্রি করায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে।
মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। গরুর মাংস প্রতি কেজি ৭২০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০ থেকে ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, সবজির বাজারে গাজর ও সজনের দাম বেড়েছে, তবে ঝিঙা, পটল, ঢেঁড়শ, বরবটি, করলা, লাউসহ বেশকিছু সবজির দাম কমেছে। টমেটো, শসা, কাঁচাকলা ও বেগুনের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
মসলা জাতীয় পণ্যের মধ্যে দেশি আদার দাম কিছুটা কমে ১৫০ থেকে ১৬০ টাকায় নেমেছে। আমদানি করা আদা ও রসুনের দাম তুলনামূলক স্থির রয়েছে। ক্রেতাদের অভিযোগ, যে কোনো অজুহাতেই বাজারে পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু কমার ক্ষেত্রে তেমন প্রভাব পড়ে না। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও চাহিদার ওপরই বাজারদর নির্ভর করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165966