রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের মুহিবুরের
মফস্বল ডেস্ক : বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান (২৩)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুহিবুর এইচএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো কারণে তার ভিসা বাতিল হয়ে গেলে তিনি দিশাহারা হয়ে এক দালালের খপ্পরে পড়েন। দালালেরা তাকে প্ররোচনা দেয় যে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং যুদ্ধ শেষে মিলবে রাশিয়ার নাগরিকত্ব। সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে মুহিবুর রাশিয়ায় পাড়ি জমান। যে ছেলের হাতে উচ্চশিক্ষার জন্য কলম থাকার কথা ছিল, পরিস্থিতির শিকার হয়ে তার হাতে উঠে আসে মারণাস্ত্র।
দীর্ঘ প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় সম্মুখযুদ্ধে। দীর্ঘদিন রাশিয়ার হয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। রাশিয়ান সৈনিকদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে পরিবারটি প্রথম মৃত্যুর খবর পায়। মুহিবুর একটি বাংকারের ভেতরে অবস্থান করছিলেন, কিন্তু ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারটি বিধ্বস্ত হলে তিনি মারা যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165924