আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, বগুড়ায় কেন্দ্রের সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় এবার কেন্দ্রের সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার্থীর সংখ্যা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর বগুড়ায় ৮০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪২ হাজার ৫৯০ জন শিক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে ২২ হাজার ৭২৬ জন ছাত্র এবং ছাত্রী ১৯ হাজার ৮৬৪ জন।
সূত্র জানিয়েছে, এসএসসি পরীক্ষা এবার জেলার ৪৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ৩২ হাজার ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬ হাজার ৬১৬জন এবং ছাত্রী ১৫ হাজার ৪১৫জন। ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার ৭ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ৪ হাজার ১৯৯ জন ছাত্র এবং ছাত্রী ৩ হাজার ৫৫১ জন। এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৯১১ জন এবং ছাত্রী ৭২৮ জন। গত বছর ৭৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় বগুড়ায় ৪৩ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
এদিকে শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব ও নকলরোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অপরাধ করলে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করেন। মোবাইল ফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব-ঘটনা, নকল-অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি-ব্যক্তিদের বিরুদ্ধে এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, বগুড়া জেলায় পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বগুড়া জেলার সকল পরীক্ষা কেন্দ্র মনিটরিং করার জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165885