লালমনিরহাটে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প
লালমনিরহাট প্রতিনিধি: দিনের পালাবদলে লালমনিরহাটে মাটির খেলনা হারিয়ে যেতে বসেছে। এক সময় গ্রামের হাট-বাজারে মাটির পুতুল, বাচ্চাদের হাঁড়িপাতিল, গরু, ঘোড়া, হাতি এসব খেলনার কদর ছিল তুলনামূলক অনেক বেশি। কিন্তু বর্তমান সময়ে প্লাস্টিক সামগ্রীর ভিড়ে সব বদলে গেছে। ফলে বাজার ভরে গেছে রঙিন প্লাস্টিকের খেলনায়।
যেগুলো দেখতে চকচকে, টেকসই আর সহজে পাওয়া যায়। তাই বাচ্চারাও এখন মাটির খেলনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। যে কারণে আগেরমত আর মাটির খেলনা চোখে পড়ে না। বাংলার শৈল্পিক ঐতিহ্য বহনকারী ওই মৃৎশিল্পীদের প্রায় ২০ থেকে ২৫ টি পরিবার বসবাস করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কুমার পাড়ায়।
এই কুমারপাড়ার পরিমল পাল বলেন, ‘আমরা মৃৎশিল্পের সাথে বহুকাল থেকে জড়িত। এখন এসব বানিয়ে আমাদের জীবন চলছে না। মাটি কিনতে হয়। আগেও কিনতে হয়েছে,- কিন্তু এখন দাম বেশি। এতো দামে মাটি কিনেও বিক্রি ঠিকমতো না হওয়ায় সংসার ভাল চলছে না।
আমাদেরও পোষাচ্ছে না। আগে আমাদের ভাল আয় হতো। বর্তমানে আয় অনেক কম। মানুষ এখন আর আমাদের জিনিসপত্র ক্রয় করছেন না। এখন সিলভার, স্টিল, প্লাস্টিক বের হয়েছে। তাই আমাদের মাটির জিনিস আর চলে না। তাই সংসারের বেহাল অবস্থা। অন্যান্য জায়গায় কাজ করি ওই কাজ দিয়েই আমাদের সংসার চলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165882