নানা সংকটে জর্জরিত ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জের ইমামগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় দীর্ঘদিন ধরে চলা অবকাঠামোগত সমস্যা ও অব্যবস্থাপনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অবহেলিত শিক্ষা পরিবেশ ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় মাদ্রাসার অফিসরুম ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তারা। এর আগে গত রোববার শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থী মনিকা সুলতানা লিজা ও স্বপ্না বেগম জানান, ক্লাস রুমের বেহাল দশা, নেই নিরাপদ পানি কিংবা ব্যবহারের উপযোগী শৌচাগার। এটি সুন্দরগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইমামগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বর্তমান চিত্র। মাদ্রাসার আলিম ও ফাজিল সেকশনের ভবনগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীদের ক্লাস করার মতো ন্যূনতম জায়গা নেই।
তারা আরো বলেন, নামমাত্র বিজ্ঞান বিভাগ থাকলেও এখানে নেই কোনো বিজ্ঞানাগারের ব্যবস্থা। এমনকি নেই কোনো মানসম্মত পাঠাগার। ফলে পুঁথিগত শিক্ষার বাইরে মেধা বিকাশের কোনো সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। মাদ্রাসাটি বাজার সংলগ্ন এলাকায় হওয়ায় সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এছাড়া সুপেয় পানির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশ শিক্ষা কার্যক্রমকে করে তুলেছে দুর্বিষহ। এসময় শিক্ষার্থীরা বলছেন, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তারা আজ তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছেন।
ইমামগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ আবু নূর জানান, শিক্ষার্থীদের দাবি আমরা মেনে নিয়েছি, বাস্তবায়ন করতে একটু সময় দিতে হবে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও এডিসির সাথে কথা বলে দ্রুত সময়ের ভেতর কাজ সম্পন্ন করবো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165881