প্রবেশপত্রে ভুল, অনিশ্চয়তায় ১৫০ এসএসসি পরীক্ষার্থী

প্রবেশপত্রে ভুল, অনিশ্চয়তায় ১৫০ এসএসসি পরীক্ষার্থী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে একের পর এক ভুল ধরা পড়ায় অন্তত ১৫০ জন পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছে। পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমিক বিদ্যালয় থেকে চলতি বছর ২১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৬৮ জন এবং মানবিক বিভাগে ১৪৫ জন। সম্প্রতি শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে নানা ধরণের অসঙ্গতি দেখতে পান।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেকের প্রবেশপত্রে বাবা-মায়ের নাম ভুলভাবে লেখা হয়েছে। কারও প্রবেশপত্রে অন্য শিক্ষার্থীর ছবি যুক্ত হয়েছে। আবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ করা হয়েছে। কিছু শিক্ষার্থী এখনও প্রবেশপত্রই হাতে পাননি। এ পরিস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা স্পষ্ট।

স্থানীয়দের মতে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজ বাইরে করানোর কারণেই এমন গড়মিলের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জাফরিন আক্তার জানায়, তার প্রবেশপত্রে বাবার নামের বানানে ভুল রয়েছে। নিরব হোসেনসহ আরও অনেক শিক্ষার্থীর প্রবেশপত্রে একই ধরণের সমস্যা দেখা গেছে। শিক্ষার্থী রাতুল অভিযোগ করে বলেন, তার বিভাগ মানবিক হলেও প্রবেশপত্রে বিজ্ঞান বিভাগ উল্লেখ করা হয়েছে। একই ধরণের অসঙ্গতি জান্নাতি নামের আরেক শিক্ষার্থীর ক্ষেত্রেও দেখা গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু ত্রুটি হয়েছে, তবে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও বিদ্যালয় কর্তৃপক্ষের দেখার বিষয়।

তবে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি আগে জানতেন না। এখন খোঁজ নিয়ে যেন কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। ঠিক তার আগমুহূর্তে এমন জটিলতায় পড়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165875