সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে মহাসড়কে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
পরে সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও ছাত্র-জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান তাঁর পাশে ছিলেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোল চত্বর এলাকায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মো. নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মো. রাশেদুল হাসান রঞ্জন, মো. হারুন অর রশিদ খান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে মহাসড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী, কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165867