সিডব্লিউএফ'র উদ্যোগে ওর্য়াকশপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
জবি প্রতিনিধি: তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ইয়ুথ লিডারশিপ ওয়ার্কশপ”-এর সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ধানমন্ডির ওম্যান ভলিনটিয়ারি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনে এবং সহযোগী আয়োজক হিসেবে ছিলেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রেজেন্টেশন, অংশগ্রহণকারীদের অনুভূতি প্রকাশ, সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সমাপ্ত ঘোষণা করা হয়।
চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসমাত আজমেরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের কো-ফাউন্ডার হুমায়ুন কবির সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, সবার আলাদা স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা অর্জন জরুরি।
তিনি বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নতুন কিছু শেখায় এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রস্তুত করতে সহায়তা করে। আগামীতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোজাম্মেল হক বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরাই আগামীর স্বপ্ন উল্লেখ করে তিনি পাবলিক স্পিকিং ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, যোগাযোগ দক্ষতার অভাবে অনেকেই পিছিয়ে থাকে, আর এ ধরনের কর্মশালা সেই ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখে। নতুন প্রজন্ম দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি মাদারিপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জীবনে এগিয়ে যেতে ধৈর্য, আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নেতিবাচকতা উপেক্ষা করে নিজের লক্ষ্যে অটল থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জীবনে সব চাওয়া পূরণ না হলেও কর্মের ফল একসময় মানুষ পায়। এ ধরনের কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করা উচিত বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
এর আগে, চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের সহযোগিতায় তিন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165866