এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা

এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা

এবার সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।

আজ সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় বিএনপির দলীয় ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকার ১৪ নম্বর সিরিয়ালে সাবিরা সুলতানার নাম দেখা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

খুলনা বিভাগে বিএনপি মনোনীত নারী হিসেবে একমাত্র ধানের শীষের প্রার্থী ছিলেন সাবিরা সুলতানা মুন্নি। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোসলেহউদ্দীন ফরিদের কাছে ৩৪ হাজার ৫১৮ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

চূড়ান্ত ফলাফলে দুই উপজেলার (ঝিকরগাছা-৯৪ ও চৌগাছা-৮১) মোট ১৭৫টি কেন্দ্র এবং পোস্টাল ব্যালটসহ দাঁড়িপাল্লা প্রতীকে মোসলেহ উদ্দীন ফরিদ ভোট পান ১ লাখ ৮০ হাজার ৯৬৫। অপরদিকে সাবিরা সুলতানা পোস্টাল ব্যালটসহ ভোট পান ১ লাখ ৪৬ হাজার ৪৪৭টি।

অনুভূতির বিষয়ে জানতে চাইলে সাবিরা সুলতানা মুন্নি বলেন, বারংবার আমাকে মূল্যয়ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরাজিত হওয়ার ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, যেহেতু দলকে সুসংগঠিত করার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করছি। গ্রুপিং ভুলে সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

অপহরণ ও হত্যার শিকার যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন তিনি। সে সময় তিনি বিএনপির একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165860