রংপুরে সিনেমা হলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৩৭
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষ থেকে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে। যারা সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। বাকি দুইজন সিনেমা হলের কর্মচারী। গতকাল রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, নগরীর শাপলা হলের তৃতীয় তলায় ছোট ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সেখানে ঘরগুলো ভাড়া দেওয়া হয়। যেখানে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165850