পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’, শুভ জন্মদিন
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সিনেমার নন্দিত নায়িকা রোজিনা। চার দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়।
গতকাল জানালেন তিনি তার দ্বিতীয় পরিচালিত সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। এখনই সময়ের গল্প লিখছেন ছটকু আহমেদ।
রোজিনা বলেন,‘ এখনই সময় মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই গল্প। গল্পের প্রয়োজনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা, থাকবে আরো নানান কিছু। সত্যি বলতে কী সিনেমা জীবনেরই প্রতিচ্ছবি। কিন্তু তারপরও সিনেমা এমনই এক বিষয় যেখানে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক বিষয় চলে আসে। ছটকু ভাই আমাদের দেশের একজন গুনী পরিচালক এবং কাহিনীকার। তার উপর আমার আস্থা আছে বলেই তাকে গল্প রচনা করতে দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেহেতু বাজেট একটি বিষয়। তাই এখন বাজেট নিয়েই ভাবছি, সবকিছু ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার দ্বিতীয় সিনেমা- এখনই সময়-এর নির্মাণ কাজ শুরু করতে পারবো। সিনেমাতে কে কে অভিনয় করবেন এগুলো এখনো প্রাথমিক ধাপে আছে। তবে আগের সিনেমার চেয়ে আমার এই সিনেমার গল্প অনেক বেশি সুন্দর।’
এদিকে আজ রোজিনার জন্মদিন। রোজিনা বলেন,‘ জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টা বাজলে পরিবারের সবাই কেক কাটি একসঙ্গে। জন্মদিনের সকাল দুপুরটা বাইরে একটু কাজ আছে। বিকেল বা সন্ধ্যা থেকে পুরো সময়টা বাসাতেই থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। আরো সুন্দর সুন্দর গল্পের সিনেমা যেন দর্শককে উপহার দিয়ে যেতে পারি।’
উল্লেখ্য, রোজিনা ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ সিনেমাতে চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। শুটিং শেষ হবার পর ১৯৭৮ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করায় রোজিনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমাতে অভিনয়ের জন্য রোজিনা সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ ও কবীর আনোয়ার পরিচালিত ‘দিনকাল’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মতিন রহমানের ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয়ের বহুবছর বিরতির পর তিনি তার ‘ফিরে দেখা’ সিনেমাতে অভিনয় করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165832