নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এসময় আক্তারুজ্জামান নামের এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, লাবলু হোসেন অটোভ্যানযোগে আক্তারুজ্জামান নামে এক শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এসময়ে বসুনিয়াপাড়ায় ভ্যানটি পৌঁছালে আকস্মিকভাবে বজ্রপাতে লাবলু হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় তার অটোভ্যানে থাকা যাত্রী আক্তারুজ্জামানের শরীরের কিছু অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165819