গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার কোনোভাবেই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল নীতি এবং তার নির্দেশনা অনুযায়ী মিডিয়া যেন কোনোভাবেই নিয়ন্ত্রিত না হয়, তা নিশ্চিত করা হবে।

সচিবালয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়েদুল্লাহ বাদল। সংলাপে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে গণমাধ্যম যে ধরনের প্রতিকূলতা ও নিয়ন্ত্রণের শিকার হয়েছে, বর্তমান সরকার সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে চায়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গত দুই মাসে নিশ্চয়ই আপনারা পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করেছেন। বর্তমান সরকার কোনোভাবেই সংবাদমাধ্যমের ওপর খবরদারি করবে না এবং গণমাধ্যমের স্বাধীন কণ্ঠস্বর অব্যাহত থাকবে।

সংলাপে অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য (ডিজইনফরমেশন) রোধ করা সরকারের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোয়াব (কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং আইপিটিভি প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে, যেখানে ২০১৪ সালের আইপিটিভি নীতিমালা সংশোধনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তোলার কাজ করছে।

সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের বেতন-ভাতা ও নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় বাজেটে সাংবাদিকদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সরকারি বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা আনতে সরকার একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে, যাতে কোনো গণমাধ্যম বৈষম্যের শিকার না হয়।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। সচিবালয়ের মিডিয়া সেন্টারের বর্তমান অবস্থাকে ‘অত্যন্ত অপর্যাপ্ত ও অবহেলিত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী কর্মক্ষেত্র গড়ে তোলা এখন সময়ের দাবি এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিশেষে তিনি বলেন, সরকার অতীত নিয়ে পড়ে থাকতে চায় না; বরং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165809