লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গুড়াতিপাড়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিনুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২০ এপ্রিল) ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এদিকে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে এলাকার এক যুবক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটক করে গাছে বেঁধে রাখে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃত মমিনুর রহমান এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
এবিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর বাবার দায়েরকৃত মামলায় মমিনুরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165808