শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারাদেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে, আমি জানি না।

সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কীভাবে এমন প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়।

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165802