জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ’ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।
দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে বিভাগের কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে সম্ভাব্য সুনামির দিকে নজর রাখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165788