মার্কিন নৌ-সেনাদের পিছু হটানোর দাবি আইআরজিসির

মার্কিন নৌ-সেনাদের পিছু হটানোর দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর পর পাল্টা প্রতিরোধের মুখে মার্কিন সেনাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। 

রবিবার (১৯ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওমান উপসাগরের জলসীমায় মোতায়েন করা ‘সন্ত্রাসী’ মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। তবে আইআরজিসি নৌবাহিনীর দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন সেনারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে। তবে শনিবার ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ-অবরোধের কারণে তারা আবারও এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ শক্ত করে তেহরান। সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165784