আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

রাহাত রিটু : বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথম বারেরমত পিতৃভূমি নিজ জেলা বগুড়ায় আসছেন। বাংলাদেশসহ এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বগুড়ায় এসে যাবেন তার পৈতৃক ভিটা বাগবাড়ির জিয়া বাড়িতে। হাজারো ম্মৃতিঘেরা বাড়িটিতে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বহুবার এসেছেন রাজনৈতি ও সামাজিক কর্মকান্ডে অংশ নিতে। সাদামাটা এই বাড়ি বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবীদদের জন্য তীর্থস্থান।

বগুড়ার আলো, বাতাস, মাটি ও মানুষের একান্ত আপনজন তারেক রহমানের আগমনী ধ্বনিতে বগুড়ার প্রকৃতি নতুন রূপে সেজেছে। বৈশাখের খড় তপ্ত রোদে তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়ার লাখো মানুষ। বগুড়ায় এসে তিনি বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা/উদ্বোধনসহ নানা কর্মসূচির উদ্বোধন করবেন।

বাংলাদেশের উন্নয়নের রূপকার তারেক রহমান এর আগে ২৯ জানুয়ারি বগুড়া এসেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রচারণা চালাতে। ১৯৯১ সাল থেকে বগুড়ার উন্নয়নে নিবেদিত প্রাণ তারেক রহমানের ভালোলাগা-ভালোবাসা বলতে যা বোঝাই তাই বগুড়া। তার প্রচেষ্টায় বিগত চার দলীয় জোট সরকারের সময় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের নতুন রূপ দেওয়া, বগুড়ার বনানী থেকে মাটিডালী এবং সাতমাথা থেকে স্টেশন রোড প্রসস্তকরণ, বিয়াম স্কুল এন্ড কলেজ স্থাপন, করতোয়া নদীর ওপর একাধিক ব্রিজ নির্মাণ করে পূর্ব বগুড়ার সাথে পশ্চিম বগুড়ার মানুষের সংযোগ স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বগুড়া কোর্ট চত্বরে জজ কোট ভবন নির্মাণ, পর্যটন মোটেলের সংস্কার, দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণ, বগুড়া সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণ, মাটিডালী বিমান মোড়ের সৌন্দর্য্যবর্ধনে ফাইটার বিমান স্থাপনসহ নানা উন্নয়ন কর্সসূচি বাস্তবায়ন করেছেন। প্রিয় ভূমির জন্য নিবেদিত এই কিংবদন্তির আগমনী ধ্বনিতে এ কারণেই বগুড়াবাসী অনন্দিত ও উৎফুল্ল।

প্রধানমন্ত্রীর বগুড়ায় আগমন অত্যান্ত তাৎপর্যপূর্ণ। বগুড়াবাসী তার দিকে তাকিয়ে আছে কারণ, তার হাতেই হবে বগুড়ার যাবতীয় উন্নয়ন। তিনি তার নির্বাচনি জনসভায় বলেছিলেন, এবার নিতে এসেছি আপনারা ধানের শীষে ভোট দিবেন। বগুড়ার ভোটারেরা তাকেসহ বগুড়ার সাতটি আসনে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। পরবর্তীতে তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনেও বগুড়াবাসী বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। বগুড়াবাসী তাকে দেওয়া ওয়াদা পূরণ করেছেন। তারেক রহমান সেই জনসভায় আরও বলেছিলেন, ১৭ বছর যা যা পাওয়ার কথা ছিল এবং যা পাননি তাই করা হবে। এবারের সফরে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে উল্লেখযোগ্য পাওয়া বগুড়াবাসীর জন্য। বিগত ১৭ বছর এই একটি দাবি জানানোর পরও দাবি পূরণ করা হয়নি। সিটি কর্পোরেশন ঘোষণার জন্য বগুড়াবাসী উৎফুল্ল। আজ তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করার পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন। 

প্রধানমন্ত্রী সকাল ৬টায় সড়ক পথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে তার উপস্থিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর পৌনে ১টায় বাগবাড়ীতে উপস্থিতি শেষে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর পৌনে ২টায় নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

এরপর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165749