মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি

মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর মাদকের চালান নিয়ে বাংলাদেশ ফেরছিলেন বলে জানা গেছে।

আজ রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা ওই তিনজনকে আটক করে।

আটকরা হলেন, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

জানা গেছে, আটক ৩ জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রোববার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ ধাওয়া দিলে তিন যুবক ধরা পড়ে। এসময় আরও দুজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুই জনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটেলিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।

এদিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন বলেও জানা গেছে। বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক বাংলাদেশি তিনজনকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।‎

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165725