বগুড়ার দুপচাঁচিয়ায় শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ঘোন এলাকায় ইরামতি খাড়ির পাড়ের শতাধিক ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর-আলতাফনগর সড়কের ঘোন এলাকায় সরকারি প্রায় এক কিলোমিটার ইরামতি খাড়ির পাড়ের বৃহৎ আকারের মূল্যবান ইউক্যালিপটাস গাছগুলো স্থানীয় এক শ্রেণির অর্থলিপ্সু গাছ ব্যবসায়ী অবাধে কর্তন করছে।
কর্তনকৃত গাছগুলো কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেও দিচ্ছে। ব্যবসায়ীরা গাছগুলো গুল করে ভ্যান ও ট্রাকযোগে বিভিন্ন ছ’মিলে নিয়েও গেছেন। স্থানীয় গোলাম রব্বানি নামে এক ব্যক্তি জানান, তার বাবা সরকারি ইরামতি খাড়ির পাড়ে জায়গায় নিজ উদ্যোগে শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করেন। গাছগুলো বৃহৎ আকার ধারন করে। গোবিন্দপুর গ্রামের জনৈক তানসেন নামে এক ব্যক্তির অবৈধভাবে গাছগুলো কর্তন করেছে।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সাখওয়াত হোসেন মল্লিক জানান, ঘোন এলাকায় ইরামতি খালের পাড়ের সরকারি জায়গায় রোপণকৃত শতাধিক ইউক্যালিপটাস গাছ কর্তনের বিষয়ে তাকে জানানো হয়েছে। এ বিষয়টি বন সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় হওয়ায় তার কোনো কিছু করার নেই।
আজ রোববার (১৯ এপ্রিল) এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক খাড়ির পাড়ের ইউক্যালিপটাস গাছগুলো সরকারি জানিয়ে বলেন,গাছের চাড়াগুলো বন সম্প্রসারণ অধিদপ্তর থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা হয়নি।
এছাড়া সরকারি ওই গাছগুলো অবৈধভাবে কাটার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। স্থানীয় চেয়ারম্যান কাটা গাছগুলো কেন আটক করলেন না এ বিষয়ে তিনি তার সাথে কথা বলবেন বলে জানান। একই সাথে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165723