‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ ঘিরে ব্যাপক প্রস্তুতি
অভি মঈনুদ্দীন : আগামী ২৮ জুন রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ মিউজিক্যাল টাইম। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যোহরা ঐশী। এরইমধ্যে কুয়ালালামপুরের জি টাওয়ারে এক প্রেসে ব্রিফিং-এর মাধ্যমে ঐশীর কুয়ালালামপুরের ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’-এর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই স্টেজ শো’তে ঐশী একাই যাচ্ছেন এমনটি নয়। তারসঙ্গে তার দল ‘ঐশী এক্সপ্রেস’ও যাচ্ছে।
ঐশী বলেন,‘ ঐশী এক্সপ্রেস-এর মোট সদস্য আটজন। পাঁচজন মিউজিসিয়ান। আমি’সহ একজন সাউণ্ড ইঞ্জিনিয়ার এবং একজন ম্যানেজার। সবাই মিলেই যাচ্ছি এই আয়োজনে। যেহেতু এবারই প্রথম কুয়ালালামপুরে যাচ্ছি, তাই আমি ভীষণ উচ্ছ্বসিত। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সংস্কৃতি ও সংগীতকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আয়োজকদের আমাদের পুরো টিমকে কুয়ালালামপুরে নিমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করতে পারবো। তবে এটা সত্যি, দেশের বাইরে গেলে গানে গানে অনুভব করতে পারি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশ ও দেশের মাটিকে কতোটা ভালোবাসে, কতোটা মিস করে। সবাইকে নিমন্ত্রণ জানালাম আমার ঐশী লাইভ ইন কুয়ালালামপুর-এ আমার পারফর্ম্যান্স উপভোগ করার জন্য।’
এদিকে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই একক কনসার্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কিনলে ৪০ শতাংশ ছাড় পাবেন দর্শক। টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে অনলাইনে নির্ধারিত প্লাটফরমে পাওয়া যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৪ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত।
এছাড়া ভিআইপি টিকিটধারীরা পাবেন বিশেষ সুবিধা, যার মধ্যে রয়েছে মিট অ্যান্ড গ্রিট, এক্সক্লুসিভ পোস্টার এবং রিফ্রেশমেন্ট। উল্লেখ্য মাসুদ পথিক পরিচালিত মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রে ‘মায়া, মায়া রে’ গানটির জন্য ২০২০ সালে তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ঐশী এক্সপ্রেস-এর লাইনআপ কন্ঠ-ঐশী, লিড গীটারে শামসুজ্জামান, বেজ গীটারে আশরাফুল আলম টিংকু, কী বোর্ডে রিজভী রহমান অদিত, ড্রামসে মোহাম্মদ আমজাদ, পারকেসনে দেবাশীষ দেবনাথ, টিম ম্যানেজার নাসিমা আক্তার এবং সাউণ্ড ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সিদ্দিক রনি। এর আগে ঐশী কাতার, সৌদী আরব, ওমান, ভারত, অষ্ট্রেলিয়া, লণ্ডনে স্টেজ শোতে গান গেয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165706