তিতাসের ৩১ নম্বর কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাসের ৩১ নম্বর কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন আশার সঞ্চার করে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) সকালে জেলা শহরের বুধল এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম মিজানুর রহমান এবং বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামানিক যৌথভাবে এই খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কূপটির খনন ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা। ৫ হাজার ৬০০ মিটার গভীরতার এই কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত ২১০ দিনের মধ্যে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব জানান, খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। এটি দেশের বর্তমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165688