মঞ্জুরের আরও কঠোর শাস্তি চান জাহানারা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগে নিষিদ্ধ সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের শাস্তিতে অসন্তোষ প্রকাশ করে তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধান অভিযুক্তকে দেওয়া শাস্তি যথেষ্ট নয়, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
জাহানারা অভিযোগ করেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি মানসিক নিপীড়ন, বঞ্চনা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তিনি দাবি করেন, মঞ্জুরুলের সহযোগীরা এখনও বিচারের বাইরে রয়েছে।
একইসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তিন দফা দাবি জানান জাহানারা—অভিযুক্ত ও সহযোগীদের বিচার, অন্যান্য ক্রীড়াঙ্গনের যৌন হয়রানির অভিযোগ তদন্ত এবং নারী-শিশুদের নিরাপত্তায় কার্যকর সেফগার্ডিং পলিসি চালু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165617