পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর, বাবা-ছেলে গ্রেফতার

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর, বাবা-ছেলে গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া এলাকার মো. বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ইসলাম।

পঞ্চগড় সদর থানা পুলিশ আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিং এ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে জিমি আক্তার নামে এক রোগীর স্বজনেরা জরুরি বিভাগে আসে। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জৎ কুমার রায়ের বিরুদ্ধে ভুল চিকিৎসার মিথ্যা অভিযোগ তুলে তার ওপর চড়াও হয় রোগীর শ্বশুর বেলাল ও স্বামী নয়ন ইসলাম।

একপর্যায়ে তারা ডাক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। এ ঘটনার প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১৩ ঘণ্টার মধ্যে রংপুরের মেডিকেল মোড় এলাকা থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165604